ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)–এর তিন স্থায়ী সদস্যসহ এখন টিভির চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং নিউজরুমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সাংবাদিকরা হলেন—মো. মুজাহিদুল ইসলাম (শুভ), মাহমুদ রাকিব, মোহাম্মদ আজহারুজ্জামান (আজহার লিমন) ও বেলায়েত হোসেন। তাদের মধ্যে প্রথম তিনজন ডিআরইউর স্থায়ী সদস্য।
বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পুরোনো একটি পোস্টকে কেন্দ্র করে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা অনভিপ্রেত। মতপ্রকাশের কারণে সাংবাদিকদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে ঠেলে দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি। তথ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়ার আশ্বাসকে স্বাগত জানিয়েছে ডিআরইউ।
নেতারা বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উচিত সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষা করা। তারা এখন টিভি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, সিদ্ধান্ত প্রত্যাহার করে সংশ্লিষ্ট চার সাংবাদিককে অবিলম্বে কাজে ফিরিয়ে নেওয়া হোক।
অন্যথায় সদস্যদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন ডিআরইউ নেতারা।





