বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সময়ে তার জীবনের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। তিনি বলেন, \"শেখ হাসিনার আমলে আমি মনে করেছিলাম আমাকে গ্রেপ্তার করা হতে পারে, জামিন নাও পেতে পারি। কিন্তু কখনো মনে হয়নি আমাকে মেরে ফেলবে। আর এখন পরিস্থিতি এমন যে—এরা আমাকে মেরে ফেলতে চায়।\"
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। ফজলুর রহমান বলেন, \"২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির বিশাল সমাবেশ দশ মিনিটেই ছত্রভঙ্গ করে দেওয়া হয়। হাজার হাজার নেতা-কর্মী গ্রেপ্তার হন, অনেকে আত্মগোপনে যান। সে সময় আমি প্রতিদিন সরকারবিরোধী কথা বলেছি।\"
তিনি আরও বলেন, \"স্ত্রীকে বলেছি তুমি বিধবা হবে, সন্তানদের বলেছি তোমরা এতিম হবে, কিন্তু আমি ঘর ছেড়ে পালাবো না। তখন মনে হয়েছিল শেখ হাসিনা সরকার আমাকে অন্তত হত্যা করবে না। কিন্তু এখন বিভিন্ন মহল থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ইউরোপে অবস্থানরত একজন ইউটিউবারের অনুষ্ঠানে বলা হয়েছে, আমাকে হত্যা করা ফরজ হয়ে গেছে। অন্যরা বলছে, আমার বিরুদ্ধে 'মব জাস্টিস' প্রয়োগ করা হবে, যার অর্থই হচ্ছে—আমার মৃত্যু।\"
তিনি অভিযোগ করেন, এ ধরনের হুমকি আগে ছিল না, কিন্তু এখন তা বাস্তব আশঙ্কায় পরিণত হয়েছে।
ফজলুর রহমান তার বক্তব্যে সরকার, ছাত্র সংগঠন, জামায়াত-শিবির এবং প্রবাসী কিছু গোষ্ঠীর দিকেও ইঙ্গিত করেন, যাদের থেকে এসব হুমকি আসছে বলে তিনি দাবি করেন।





