দলীয় মতভেদ ও স্থবিরতা কাটিয়ে ফের ঐক্যের পথে হাঁটছে মৌলভীবাজার জেলা বিএনপি। গেল সপ্তাহে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছসহ কেন্দ্রীয় নেতাদের কঠোর নির্দেশনার পর এ পথে হাঁটছে জেলা বিএনপি।

বুধবার (২১মে) জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে তার বাসভবনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিনঘণ্টার এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন, আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগদানসহ বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়।

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো.মহসিন মিয়া মধু , জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকি, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আব্দুল হাফিজ, বকসি মিছবাউর রহমান, মনোয়ার আহমেদ রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরীসহ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

বিশেষ সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, কোনো ষড়যন্ত্রই আমাদের দলের ঐক্য বিনষ্ট করতে পারে না। বিএনপির মতো বৃহৎ দলে মতানৈক্য থাকতে পারে। মতের অমিল হতে পারে কিন্তু বসে গেলে আমরা এক হয়ে যাই। মনের দূরত্ব কাটিয়ে উঠে যাই ৷ অতীতের সব ভুল বুঝাবুঝি বাদ দিয়ে আমরা সবাই এক ও অভিন্ন হয়ে মৌলভীবাজার জেলা বিএনপির রাজনীতির গৌরবের ঐক্যের ইতিহাস গড়ব।

ময়ূন জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের পশ্চিম বাজার জামে মসজিদে জুমআর নামাজ শেষে মিলাদ শরীফ, দোয়া মাহফিল ও জেলা বিএনপির পক্ষ থেকে শিরণী বিতরণ করা হবে।

এদিন সন্ধ্যা সাতটায় জেলা বিএনপির উদ্যোগে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার নয়াপল্টনের সমাবেশে বিপুল সংখ্যক তরুণদের যাতে উপস্থিত হতে পারে সেজন্য জেলা বিএনপির পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এদিকে মতানৈক্য কাটিয়ে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে ফের ঐক্যবদ্ধ হওয়ায় জেলা বিএনপিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নতুন করে গতিসঞ্চার ও উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা ।