জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ এক বছরেও শনাক্ত না হওয়ায় শেষ পর্যন্ত সেগুলো দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহগুলো বুঝে নিয়ে দুপুরে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, আদালতের নির্দেশে মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় এবং সংস্থাটি সেগুলোর দাফনের ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন, “এই মরদেহগুলো এক বছরেরও বেশি সময় ধরে মর্গে ছিল। শনাক্তের জন্য অনেকেই এগিয়ে এসেছিলেন, তাদের মধ্যে কয়েকজনের ডিএনএ নমুনাও সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তবে কোনো মিল না পাওয়ায় মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন সেবা বিভাগের কর্মকর্তা কামরুল আহমেদ জানান, “আজ বৃহস্পতিবার সকালে আমরা মরদেহগুলো গ্রহণ করি এবং দুপুর ২টার দিকে জুরাইন কবরস্থানে দাফন করি।”

শাহবাগ থানার তথ্যমতে, এসব মরদেহ গত বছরের ৫ আগস্টের আগেই ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তে দেখা গেছে, অধিকাংশের মৃত্যু হয়েছে আঘাতজনিত কারণে।