কারাগারে জামিনপ্রাপ্ত বন্দিদের মুক্তির প্রক্রিয়ায় বিলম্ব ও হয়রানি রোধে অনলাইন পদ্ধতি চালু করার সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, আগামী বুধবার (১৫ অক্টোবর) থেকে অনলাইনে জামিননামা (বেইল বন্ড) পাঠানোর পাইলট প্রকল্প চালু হচ্ছে। এর ফলে আদালত থেকে জামিন পাওয়ার পর এক ক্লিকেই সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে জামিননামা, দ্রুত হবে মুক্তির প্রক্রিয়া।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে ১২টি ধাপ পার হতে হয়, যেখানে হয়রানি ও আর্থিক ব্যয় দুটোই থাকে। আমরা এটা পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। এখন থেকে এক ক্লিকেই জামিননামা পৌঁছে যাবে কারাগারে।”
তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়নে সরকার নিজস্ব অর্থায়ন ব্যবহার করেছে। “আমরা সরকারের টাকা দিয়েই এটা করেছি, কারও সহযোগিতা লাগেনি,” বলেন তিনি।
এ সময় তিনি আরও জানান, আইন মন্ত্রণালয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন সংস্কারের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়, গুমবিরোধী আইন, দুদক আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রণয়ন করা হবে।
আইন উপদেষ্টা বলেন, “আমাদের সরকারে অনেক টাকা রয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬০০ কোটি টাকা, আইজিআর অফিসে ১৫০০ কোটি টাকা আছে। এসব অর্থ ব্যবহারের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করা সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।





