কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ আকাশে ওঠার পর ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিজি-৪৩৬ ফ্লাইট (ড্যাশ ৮-৪০০), যাতে একজন শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের বাম পাশের একটি ল্যান্ডিং গিয়ার চাকা খুলে নিচে পড়ে যায়।
\r\nফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ। বিপদের বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (ATC) জরুরি অবতরণের সংকেত জানান।
\r\nবার্তা পাওয়ার পরপরই বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। রানওয়েতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও জরুরি সেবা ইউনিট।
\r\nদুপুর ২টা ২২ মিনিটে অসাধারণ দক্ষতার সঙ্গে ক্যাপ্টেন বিল্লাহ বিমানটি নিরাপদে অবতরণ করান। পাইলটের কৌশলে একপাশের ভারসাম্য রক্ষা করে তিনি বিমানের চাকা ভাঙার পরও সফলভাবে রানওয়েতে নামাতে সক্ষম হন। এসময় বিমানটি কিছুটা কাত হয়ে অবতরণ করে, যাতে চাপে বাকি চাকার ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
\r\nবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, যাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদ আছেন এবং সফলভাবে উড়োজাহাজ থেকে নেমেছেন।
\r\nবিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার ছাড়ে। মাঝপথে চাকার সমস্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সব ধরনের জরুরি প্রস্তুতি নেওয়া হয়। নির্ধারিত সময়ে সফল অবতরণ হয় এবং এর ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যসব ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
\r\nএ ঘটনায় বিমানের দক্ষতা ও পাইলটের দায়িত্বশীলতা প্রশংসা কুড়িয়েছে সামাজিক মাধ্যমেও। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে অবতরণের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিমানের নিয়ন্ত্রিতভাবে এক পাশে কাত হয়ে নামার দৃশ্য দেখা যায়।





