সূর্য তখনও পূর্ব আকাশে ঠিকমতো আলো ছড়াতে শুরু করেনি। কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে, আর শীতল বাতাস কাপ্তাই হ্রদের স্বচ্ছ জল ছুঁয়ে এসে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে মৃদু স্রোত তৈরি করছে।
অভিভাবকদের হাত ধরে শহীদ মিনারের দিকে আসতে দেখা যায় শিশু-কিশোরদের। আজ তাদের সৃজনশীলতা প্রকাশের দিন। গত ২২ বছর ধরে একুশের সকালে বর্ণলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে রাঙামাটির স্বেচ্ছাসেবী সংগঠন গ্লোবাল ভিলেজ। এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে শিক্ষার্থীদের পত্রিকা স্কুলবেলা। প্রতিবছর ২১ ফেব্রুয়ারি সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয় এবং রঙ-তুলির আঁচড়ে তারা ভাষা আন্দোলন ও শহীদ মিনারের চিত্র ফুটিয়ে তোলে।
আয়োজক সংগঠন গ্লোবাল ভিলেজের নির্বাহী পরিচালক ফজলে এলাহী জানান, ২০০৪ সাল থেকে রাঙামাটির শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে স্কুলবেলার মাধ্যমে এই প্রতিযোগিতার আয়োজন শুরু হয়। গত ২২ বছর ধরে এটি নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আলাদা করে বিদ্যালয়ে নোটিশ পাঠানো হয় না; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয় ও সময়সূচি জানিয়ে দেওয়া হয়। আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যককে পুরস্কৃত করার চেষ্টা করা হয়।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।





