জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আসুন, আজকের এই দিনে আমরা অঙ্গীকার করি—এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না। আমরা প্রত্যেক নাগরিকের প্রতি মর্যাদাশীল থাকব, তিনি যেই পরিচয়েরই হোন না কেন।”

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণে ড. ইউনূস বলেন, “আপনাদের আহ্বানে আমরা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ করি। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে গত ১২ মাস ধরে আমরা আপনাদের সঙ্গে নিয়ে নিরলস কাজ করে যাচ্ছি।”

তিনি বলেন, “জুলাইয়ের যে দাবি, তা কেবল একটি রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি জাতির আত্মমর্যাদার প্রশ্ন। এই পরিবর্তনের যাত্রা আপনারাই শুরু করেছেন, আমরা কেবল সেই পথকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

ভাষণে তিনি জনগণের অব্যাহত সহযোগিতা কামনা করেন এবং বলেন, “আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, মর্যাদাসম্পন্ন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাব।”