চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে। সেদিন থেকেই ফলাফল জানা যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে।

সোমবার (১৩ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর সকাল ১০টায় বোর্ডসমূহ থেকে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে—
www.educationboardresults.gov.bd

এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলও ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা চাইলে নির্ধারিত শর্ট কোড 16222-এ এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবেন।
তবে ফলাফল শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি পাওয়া যাবে না।

ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন গ্রহণ করা হবে অনলাইনে—
 https://rescrutinu.eduboardresult.gov.bd

পদ্ধতি ও বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইটে জানানো হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।

পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে হয়, যা এবারও সেই সময়সীমার মধ্যেই প্রকাশ করা হচ্ছে।