সারাদেশে একযোগে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে প্রথম দিনই বহিষ্কার হয়েছেন ৪৩ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ১১টি শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুসারে, বহিষ্কৃতদের মধ্যে এইচএসসির ৬ জন, আলিম পরীক্ষার ২৪ জন এবং কারিগরি বোর্ডের ১৩ জন শিক্ষার্থী রয়েছেন।

বোর্ডভিত্তিক অনুপস্থিতির চিত্র:

ঢাকা বোর্ড: ৩,৩২৬ জন, রাজশাহী বোর্ড: ১,৮৬৭ জন, কুমিল্লা বোর্ড: ২,৪২৮ জন, যশোর বোর্ড: ১,৬৩৮ জন, চট্টগ্রাম বোর্ড: ১,২৩০ জন, সিলেট বোর্ড: ৮২৪ জন, বরিশাল বোর্ড: ১,০২৯ জন, দিনাজপুর বোর্ড: ১,২৯১ জন, ময়মনসিংহ বোর্ড: ৮৮০ জন, মাদরাসা বোর্ড (আলিম): ৪,১৯৬ জন, কারিগরি বোর্ড: ১,০৫০ জন

শতাংশের হিসাবে সবচেয়ে বেশি অনুপস্থিতি দেখা গেছে মাদরাসা বোর্ডে, যেখানে অনুপস্থিতির হার ৪.৯৮%।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশের ২,৭৯৭টি কেন্দ্রে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার মোট পরীক্ষার্থী প্রায় ১২ লাখ ৫০ হাজার।

পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।