উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে কেন্দ্র করে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


\r\n

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ আলী, উলিপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জাবেদ, আচরণবিধির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, উপজেলা নির্বাচন অফিসার, আনসার কর্মকর্তা সুলতানা বেগমসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।


\r\n

সভায় অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, বিএনপির তাসভীরুল ইসলাম, গণঅধিকার পরিষদের নুরে এরশাদ সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আক্কাস আলী সরকার এবং জাতীয় পার্টির আব্দুস সোবহান।


\r\n

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান সভায় বলেন, “উপজেলা প্রশাসন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। প্রশাসন কারো প্রতি অনুগত থাকবে না এবং শতভাগ নিরপেক্ষ থেকে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবে।”


\r\n

সভায় সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান নির্বাচনী আচরণবিধি বিষয়ক প্রেজেন্টেশন দেন। এছাড়া উপজেলা নির্বাচন অফিসার গণভোট–২০২৬ সংক্রান্ত বিধি ও প্রচারণা বিষয়ে পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।


\r\n

মতবিনিময় সভায় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।