আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী ও সেনা সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াখারুজ্জামান। তিনি বলেন, অপপ্রচারের সব তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে এবং উপযুক্ত সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত অফিসারস অ্যাড্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেনা স্থাপনার কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সেনাপ্রধান বলেন, “কিছু স্বার্থান্বেষী ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব বিষয়ে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও, যথাযথ তথ্য-প্রমাণ সংগ্রহ করে পেশাদারিত্ব বজায় রেখে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

তিনি আরও বলেন, “প্রতিটি সেনা সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগ সেনা আইনের অধীনে বিচার করা হয়। তবে অপর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নয়—এই নীতিতেই আমরা অটল।”

সেনা সদস্যদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, “দেশের মানুষ এখন তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে বাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে।”

নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশি-বিদেশি যেকোনো মহলের বিভ্রান্তির অপচেষ্টা সেনাবাহিনীর ঐক্য ও পেশাদারিত্বের কারণে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও হবে।”

সেনাবাহিনী সবসময় সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।