মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে বলে তিনি কোনো তথ্য জানেন না।


\r\n

মঙ্গলবার ২৩ ডিসেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।


\r\n

মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।


\r\n

এর আগে গণমাধ্যমে সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। ওই সব প্রতিবেদনে দাবি করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।


\r\n

তবে ওই খবরে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।