নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী এনামুল হক অসুস্থবোধের কারণে নিজ এলাকার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে সাধারণ রোগীদের সঙ্গে একই সুবিধায় চিকিৎসা নিয়েছেন।
গত সোমবার (৯ মার্চ) সকালে এমপি এনামুল হক উচ্চ রক্তচাপ, মাথা ঘোরা এবং বমি ভাব নিয়ে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। জরুরি বিভাগের ডা. আশীষ কুমার, আরএমও জহরুল ইসলাম এবং ডা. আশিকুর রহমান-এর তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়।
হাসপাতালে অবস্থানকালে এমপি কোনো বিশেষ সুবিধা নেননি এবং সাধারণ রোগীদের জন্য বরাদ্দ বেডে অবস্থান করেন। এমনকি হাসপাতালের মান যাচাই করতে রোগীদের জন্য সরবরাহিত সাধারণ খাবারও গ্রহণ করেন। তার এই সাদামাটা আচরণ স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় তোলে।
এমপি এনামুল হক বলেন, “সোমবার সকালে অসুস্থ অনুভব করায় আমি সরাসরি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি। সরকারি সেবায় চিকিৎসা নিয়ে আমি প্রাথমিকভাবে সুস্থতা অনুভব করেছি। হাসপাতালের খাবারও খেয়েছি।”
তিনি আরও বলেন, তার স্ত্রী হৃদরোগে আক্রান্ত এবং তিনি নিজেও এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তিনি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নিয়েছেন। এমপি এ অঞ্চলের চিকিৎসক ও নার্সদের সঙ্গে জনগণের সৌজন্যমূলক আচরণের গুরুত্বও মনে করিয়েছেন।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার জানান, এমপি এনামুল হক সকালেই ভর্তি হয়ে দুপুর নাগাদ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং সংসদ অধিবেশনে যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন।
ওসি আশীষ কুমার বলেন, “জনপ্রতিনিধিরা যদি স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখেন, তাহলে সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়ে এবং সেবার মান নিশ্চিত হয়। এমপি এনামুল হকের উদ্যোগ সেই বার্তাই সবাইকে দিয়েছে।





