বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রধান প্রেরণা কাজী নজরুল ইসলামের চেতনা।” তিনি বলেন, জাতির দুঃসময়ে নজরুলের লেখা হয়ে ওঠে জাতির দিকনির্দেশনা।

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনই একমাত্র উপায়, যাতে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা যায়। নজরুল আমাদের সেই সংগ্রামের চেতনা ও সাহস যুগিয়েছেন।”

তিনি আরও বলেন, “নজরুল ছিলেন প্রেম, মানবতা ও দ্রোহের কবি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, নব্বইয়ের গণআন্দোলন কিংবা সাম্প্রতিক গণঅভ্যুত্থান—প্রতিটি জাতীয় প্রেক্ষাপটে তার কবিতা ও গান মানুষকে রাজপথে নামিয়েছে।”

রিজভী দাবি করেন, খালেদা জিয়া ও তারেক রহমান নজরুলের চেতনাকে ধারণ করেই রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, “আমরা তার গান গেয়ে, কবিতা আবৃত্তি করে রাজপথে নেমেছি। নজরুলই আমাদের বুক চিতিয়ে দাঁড়াতে শিখিয়েছেন স্বৈরশাসনের বিরুদ্ধে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আউয়াল, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, আজ ১২ ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি উপলক্ষে কবির সমাধিতে সকাল থেকেই ফুল হাতে ভিড় করেন ভক্ত, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা।