ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৭১ জন। আহত ও নিহতদের তালিকা হাসপাতালভিত্তিকভাবে প্রকাশ করেছে আইএসপিআর। নিচে বিস্তারিত দেওয়া হলো:

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই
২. জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২
৩. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩ জন, নিহত ১
৪. সিএমএইচ, ঢাকা: আহত ১৭ জন, নিহত ১২
5. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১ জন, নিহত ২
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১১ জন, নিহত ২
৭. উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০ জন, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১ জন, নিহত নেই

আইএসপিআর জানায়, দুর্ঘটনার পর উদ্ধারকাজে সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা যৌথভাবে কাজ করছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।