ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ শোকবার্তা প্রকাশ করেন।

\r\n

ইসহাক দার লিখেছেন, “ঢাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বিমানবাহিনীর জেট বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে অনেক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার-পরিজনের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও শ্রদ্ধা রইল। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

\r\n

তিনি আরও বলেন, “এই দুঃখজনক মুহূর্তে বাংলাদেশ সরকার, এর নেতৃত্ব এবং জনগণের প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও সংহতি রইল।”

\r\n

উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিধ্বস্ত হলে তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বহু মানুষ হতাহত হন। এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে এবং আহত হয়েছেন অন্তত ১৭১ জন।