ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।


ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বেলা ২টার কিছু পর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানান, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।


প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।


ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানান, বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে রওনা দেন।


বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।