উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে নামতে শুরু করেছে শীতের আমেজ। দিন দিন কমছে তাপমাত্রা, ভোরের বাতাসে বইছে হালকা ঠান্ডা হাওয়া। তবে দিনের বেলায় সূর্যের তেজে পারদ উঠছে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, ফলে জেলায় দেখা দিয়েছে গরম ও শীতের মিশ্র আবহাওয়া।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন একই স্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি, অর্থাৎ একদিনে কমেছে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো এলাকা। মাঠ, গ্রাম, শহরের রাস্তাঘাট—সবই সাদা কুয়াশার চাদরে মোড়া। কুয়াশার ঘনত্বে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হচ্ছে।
হাড়িভাসা এলাকার অটোচালক রহিম উদ্দীন বলেন, “ভোরে এমন ঘন কুয়াশা পড়ে যে, হেডলাইট জ্বালিয়েও সামনে রাস্তা দেখা যায় না।”
চাকলাহাটের বাসিন্দা মাসুম জানান, “সকালে ঠান্ডা এতটাই লাগে যে শীতের পোশাক ছাড়া বাইরে থাকা যায় না।”
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বরজুড়ে পঞ্চগড় ও আশপাশের জেলাগুলোতে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।”





