ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণে আর কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

\r\n

আজ বৃহস্পতিবার (২২ মে) ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে উচ্চ আদালত রায় দেওয়ার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় টেলিফোনে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, \"বিচার বিভাগের উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে একটি সঠিক রায় দিয়েছেন। এই রায়ের মাধ্যমে জনগণের বিজয় হয়েছে।\"

\r\n

তিনি আরও বলেন, \"এখন আর কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকার কথা নয়। আশা করি, সরকার সুমতি দেখাবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্রুত ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা নেবে।\"

\r\n

দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, \"যেহেতু আদালত রায় দিয়েছেন, সড়ক অবরোধ কিংবা প্রতিবাদ কর্মসূচির আর প্রয়োজন নেই।\"

\r\n

এসময় দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি।

\r\n

উল্লেখ্য, ইশরাক হোসেন ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। বিতর্কিত নির্বাচন ও নানা আইনি জটিলতার কারণে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি।