রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল–এর গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।
উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার সময় ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান–এর গাড়িবহরে ভিআইপি প্রোটোকল ভেঙে একটি অটোরিকশা ঢুকে পড়ে। এ সময় বহরের একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। পরে অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





