শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সকল শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস অবশ্যই ঈদের ছুটির আগে পরিশোধ করতে হবে। তিনি সতর্ক করেছেন যে, কোনো অবস্থাতেই শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে জটিলতা তৈরি হওয়া চলবে না।
শুক্রবার (১৩ মার্চ) ঢাকার বেইলি রোডে তার সরকারি বাসভবনের অফিস কক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় আরএমজি ও নন-আরএমজি খাতের শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দেওয়া হবে, যারা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধ নিশ্চিত করবেন। এছাড়া ব্যাংকগুলোকে ঋণ প্রদান দ্রুত নিশ্চিত করতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের অহেতুক উত্তেজিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে, স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পলাতক মালিকদের ও তাদের প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে কারখানায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী যে কোনো সময়ে সহযোগিতার জন্য প্রস্তুত। শ্রমিকরা প্রয়োজনে তাকে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করার পরিকল্পনা আছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কঠোর নজরদারি করে শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করতে হবে।
বিজিএমইএ-র সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ঢাকা ও চট্টগ্রামে ২,১২৭টি কারখানার মধ্যে ১,৯৬৪টি (৯২.৩৪%) ফেব্রুয়ারি মাসের বেতন দিয়েছে এবং ১,৫৩৫টি (৭২.১৭%) ঈদ বোনাস পরিশোধ করেছে। মার্চ মাসের বেতন পরিশোধ বাধ্যতামূলক নয়, তবে সামর্থ্য থাকলে কারখানা কর্তৃপক্ষ তা দেবে।
বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম জানান, দেশের ৮৩৪ কারখানার মধ্যে ৫১২টি ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৬০৪টি ঈদ বোনাস পরিশোধ করেছে। অধিকাংশ কারখানা বেতন-বোনাস পরিশোধ করায় কোনো শ্রমিক অসন্তোষের সম্ভাবনা নেই।
মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, আপদকালীন ফান্ড থেকে অর্থ ব্যবহার করে শ্রমিকদের বেতন-বোনাস সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হবে।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্যরা এবং গাজীপুর জেলার পাঁচ সংসদ সদস্য।





