নির্বাচন কমিশনে (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে।


সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। এতে দেশের বিভিন্ন এলাকার প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাচ্ছেন।


এর আগে শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। ওইদিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ৫১টি আপিল এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ১টি আপিল মঞ্জুর করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ১৫টি আপিল নামঞ্জুর এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়।


রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের আবেদনের শুনানিতে ইসি ৭০ জন প্রার্থীর আপিল শুনানি করে। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করা হয়। নানা কারণে ৭ জনের আপিল নামঞ্জুর এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং থাকা প্রার্থীদের পরবর্তী শুনানির জন্য আলাদা সময় দেওয়া হয়েছে। এদিন মুন্সীগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর হয়।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।