আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির শেষ দিন আজ রোববার (১৮ জানুয়ারি)।


রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শেষ দিনের শুনানি চলবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, আজ অবশিষ্ট সব আপিলের শুনানি নিষ্পত্তি করা হবে।


এখন পর্যন্ত কমিশন ৪০০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। বাতিল হয়েছে ২০০টি আবেদন এবং ৩০টি আপিল স্থগিত রয়েছে। গত শনিবার (১৭ জানুয়ারি) শুনানির অষ্টম দিনে ১১২টি আপিলের শুনানি হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। মঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ছিল ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি।


ওই দিন ৩৭টি আপিল নামঞ্জুর করে কমিশন। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয় ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি। পাশাপাশি শুনানিকালে ৯টি আপিল প্রত্যাহার করে নেওয়া হয়, দুজন আপিলকারী অনুপস্থিত ছিলেন এবং ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়।


এর আগে, গত ৪ জানুয়ারি যাচাই–বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।


তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।