জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের যুগপৎ কর্মসূচিকে গণতন্ত্রের জন্য ‘অশুভ’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি এটার প্রয়োজন ছিল না। আলোচনা তো এখনো শেষ হয়নি। আলোচনা চলার সময় এমন কর্মসূচির অর্থই হচ্ছে অকারণে চাপ সৃষ্টি করা। এটা গণতন্ত্রের জন্যও শুভ নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও শুভ নয়।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, “রাজপথে এলেই কি সমাধান হবে? আমাদের অবস্থান পরিষ্কার— আমরা আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান চাই।”
ফখরুল বলেন, বিএনপি এখনো পর্যন্ত রাজপথে নামেনি, কারণ তারা বিশ্বাস করে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। “আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এটা নিয়ে সন্দেহ নেই। পরিবর্তনের পর আমরা কোনো ইস্যুতে রাজপথে নামিনি, সবকিছুই আলোচনার মাধ্যমে শেষ করতে চাই।”
সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচনের বিষয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, “আমরা পিআরের পক্ষে নই। বাংলাদেশের পিআর ব্যবস্থার কোনো প্রয়োজনীয়তা নেই। জুলাই সদনে আলোচনায় অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, সেগুলো সামনে আনলেই হয়।”
তিনি আরও বলেন, জনগণের সমর্থনই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। “জনগণের সমর্থন আসে নির্বাচনের মাধ্যমে, সংসদের মাধ্যমেই সংবিধান পরিবর্তন বা সংশোধন করা সম্ভব।”
জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন, “আমরা আগে যেমন বলেছি, এখনও বলছি— বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়।”





