হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে এমন কোনো দলের সঙ্গে জোটে যাওয়া যাবে না, যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে পূর্বসূরি আলেমরা আগেই সতর্ক করে গেছেন।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “সহিহ আকিদার ওপর প্রতিষ্ঠিত ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেসব দলের কার্যক্রমে ইসলামের ক্ষতি হতে পারে, তাদের সঙ্গে কোনো ধরনের ঐক্য নয়। আমাদের আকাবিরে কেরাম যেসব ভ্রান্ত আকিদার বিরুদ্ধে লিখেছেন, সতর্ক করেছেন, সেসব দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার চিন্তাও করবেন না।”
জাতিসংঘের মানবাধিকার কমিশনের ঢাকায় অফিস স্থাপন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হেফাজতের আমির। তিনি বলেন, “এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। সরকারের উচিত এ বিষয়ে সজাগ থাকা।”
মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, “ইলমে ওহি ও ইসলামি শিক্ষার ক্ষতি হয়—এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। তাবলিগ, মসজিদ ও মাদরাসাভিত্তিক দাওয়াতি কার্যক্রম যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে দিকেও সবার দৃষ্টি রাখা প্রয়োজন।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ জমিয়তের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা।





