গাজায় চলমান হামলা ও মানবিক সংকটের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। পাশাপাশি দেশটির বিমান ও জাহাজের জন্য তুর্কি আকাশসীমা ও বন্দর ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) তুরস্কের পার্লামেন্টে গাজা ইস্যুতে আয়োজিত এক বিশেষ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “ইসরায়েল গত দুই বছর ধরে গাজায় ধারাবাহিকভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। সেই কারণে তুরস্ক কূটনৈতিকভাবে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।”
২০২৩ সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি ডলার। গত বছর মে মাসেই আঙ্কারা সরাসরি বাণিজ্য স্থগিত করে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবিতে অবস্থান নেয়। এবার সেই অবস্থান আরও জোরদার করল দেশটি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান এর আগেও ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা করেন।
আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গাজায় মানবিক সংকট ছাড়াও ইসরায়েলকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে তুরস্ক। বিশেষ করে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলাগুলোকে আঙ্কারা ইচ্ছাকৃতভাবে অঞ্চলের পুনর্গঠন প্রক্রিয়ায় বাধা দেওয়ার অপচেষ্টা হিসেবে বিবেচনা করছে।
তুর্কি সরকার মনে করছে, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা বা সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।





