ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। একের পর এক জ্বালানি স্থাপনা, মার্কিন ঘাঁটি ও কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।


স্থানীয় সময় বৃহস্পতিবার বাহরাইনের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


এদিকে ইরানের বিরুদ্ধে অভিযানের পরবর্তী ধাপে প্রবেশ করার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির সেনাপ্রধান জানিয়েছেন, এই ধাপে ইরানের সামরিক সক্ষমতা ও শাসনব্যবস্থা দুর্বল করার লক্ষ্য নিয়ে অভিযান চালানো হবে।


ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, গত ছয় দিন ধরে ইরানে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের এক শীর্ষ কর্মকর্তা।


এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকা উচিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া নতুন নেতৃত্ব নির্বাচন করা হলে তা ভুল হবে। ট্রাম্প আরও বলেন, খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে গ্রহণযোগ্য নন এবং পূর্ববর্তী নীতি অনুসরণকারী কোনো নতুন নেতৃত্ব তিনি সমর্থন করবেন না।


অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে। তিনি সামাজিক মাধ্যমে জানান, সামরিকভাবে দ্রুত বিজয়ের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও তা সফল হবে না।