মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ চুক্তিতে সাধারণ অস্ত্র-গোলাবারুদের পাশাপাশি রয়েছে আক্রমণাত্মক সামর্থ্যের হেলিকপ্টার ও ট্যাংক।
রয়টার্সের এক প্রতিবেদনে পেন্টাগন ও ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, প্রস্তাবিত এই চালানের মধ্যে রয়েছে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, যার মূল্য প্রায় ৩৮০ কোটি ডলার, এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল (ট্যাংক), যার মূল্য ধরা হয়েছে ১৯০ কোটি ডলার। এ ছাড়া হেলিকপ্টার ও ট্যাংকের যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য আরও ৭০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি গাজা উপত্যকা পুরোপুরি দখলের লক্ষ্যে ইসরায়েল যে সামরিক অভিযান জোরদার করেছে, সেখানে এই অস্ত্রগুলো ব্যবহার করা হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক আকস্মিক হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। প্রায় দুই বছর ধরে চলমান এই অভিযানে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
এদিকে, যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত দুই বছরে মোট ৬ বার প্রস্তাব উত্থাপন করা হলেও, প্রতিবারই যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে তা বাতিল করে দেয়।
এই পরিস্থিতিতে ফ্রান্স ও সৌদি আরব আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। এর ঠিক আগেই ইসরায়েলের সঙ্গে বড় অঙ্কের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করল ট্রাম্প প্রশাসন।





