ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
\r\nতিনি বলেন, \"ইসি সাংবিধানিক অধিকার অনুযায়ী তাদের মতামত প্রকাশ করেছে, এবং এর জন্য আইন মন্ত্রণালয়ের মতামতের প্রয়োজন ছিল না।\"
\r\nএছাড়া, মেজর সিনহা হত্যা মামলা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. আসিফ নজরুল বলেন, \"এই মামলা উচ্চ আদালতে বিচারাধীন, তাই মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ নেই।\"
\r\nইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, \"যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং হয়রানিমূলক মামলা করছেন, তাদের বিষয়ে সরকার নজর রাখছে। যদি কোনো বৈধ লিগ্যাল ইস্যু না থাকে, তবে মামলা চলবে না।\"
\r\nমামলার জট নিয়ে আইন উপদেষ্টা জানান, \"সরকার মামলার জট কমানোর জন্য পরিকল্পনা করছে। ছোট ছোট মামলার জন্য লিগ্যাল এইড সংস্থায় যাওয়া বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি, এই সংস্থার নাম পরিবর্তন করে সহজভাবে পরিচিত করা হবে এবং যোগাযোগের জন্য একটি সহজ নম্বর চালু করা হবে। লিগ্যাল এইড সংস্থায় ৪০ শতাংশ মামলা নিয়ে আসার চেষ্টা করা হবে এবং জেলায় তিনজন বিচারক থাকবেন।\"





