আফগানিস্তানের হেরাত প্রদেশে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে বাসটি একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানিয়েছেন, বাসটি ইরান থেকে কাবুলগামী ছিল এবং এতে থাকা যাত্রীরা সবাই আফগান নাগরিক। তার ভাষ্য অনুযায়ী, চালকের অসতর্কতা ও অতিরিক্ত গতিই দুর্ঘটনার প্রধান কারণ।

উল্লেখ্য, ১৯৮০-এর দশকে সোভিয়েত আগ্রাসনের সময় বিপুল সংখ্যক আফগান নাগরিক ইরানে আশ্রয় নেন। চলতি বছরের শুরুতে ইরান সরকার তাদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিলে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজারের বেশি আফগান স্বদেশে ফিরেছেন। দুর্ঘটনাকবলিত বাসটিও ইরান ফেরত আফগানদের বহন করছিল বলে জানা গেছে