ইসরায়েলের টানা হামলার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় হয়েছে ভারতের কূটনৈতিক মিশন। তেহরানে ভারতীয় দূতাবাসের সহায়তায় ইতোমধ্যে কিছু শিক্ষার্থীকে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার (১৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

\r\n

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “তেহরানে ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানে থাকা ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

\r\n

বিবৃতিতে আরও জানানো হয়, “কিছু ক্ষেত্রে, দূতাবাসের সরাসরি সহায়তায় শিক্ষার্থীদের ইরানের অভ্যন্তরে অপেক্ষাকৃত নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে।”

\r\n

এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইসরায়েল ইরানের ওপর পারমাণবিক হামলা চালায়, তবে পাকিস্তানও পাল্টা পারমাণবিক হামলা চালাবে ইসরায়েলের বিরুদ্ধে। যদিও পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনও অবস্থান জানায়নি, তবে সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছে।

\r\n

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে ইরান ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সম্পর্ক কিছুটা খারাপ হলেও, সাম্প্রতিক পরিস্থিতিতে দুদেশের মধ্যে কৌশলগত ঘনিষ্ঠতা বাড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।