আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও চিকিৎসা শিক্ষার অভিজ্ঞতা নিয়ে লেখা বই ‘ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসক ও লেখক ডা. কামরুজ্জামান নাবিল রচিত বইটি প্রকাশ করেছে বাংলামেড প্রকাশনী।
মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মারদিয়া মমতাজ এবং লেখকের স্ত্রী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিদেশে বিশেষ করে ইরানের মতো দেশে মেডিকেল শিক্ষার বাস্তব অভিজ্ঞতা নিয়ে বাংলা ভাষায় এ ধরনের বই খুবই বিরল। লেখকের ব্যক্তিগত সংগ্রাম, সাফল্য ও ভিন্ন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার গল্প তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
বইটিতে ইরানে চিকিৎসা শিক্ষার পথচলা, সেখানকার স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা, হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ এবং একজন বাংলাদেশি শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়া, ভাষাগত চ্যালেঞ্জ, ক্লিনিক্যাল ট্রেনিং ও রোগী ব্যবস্থাপনার বিষয়গুলোও আলোচিত হয়েছে।
লেখক ডা. কামরুজ্জামান নাবিল বলেন, বিদেশে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য বইটি একটি বাস্তবভিত্তিক নির্দেশিকা হিসেবে কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, বইটি পাঠকদের মধ্যে ভালো সাড়া ফেলবে।
\r\n\r\n\r\n\r\n\r\n
আসন্ন অমর একুশে বইমেলায় বাংলামেড প্রকাশনীর ৫৪৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।





