গত রাতে ইসরায়েলের হামলার পর তেহরানের জ্বালানি মজুতের ট্যাংকগুলোতে আগুন এখনও নিভেনি, যা প্রায় দশ ঘণ্টা ধরে জ্বলছে। বিবিসি ফার্সি বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তেহরানের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
পরিবেশ সুরক্ষা সংস্থা নাগরিকদের খোলা জায়গায় যাওয়া এড়াতে এবং সম্ভব হলে বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সতর্ক করেছে, আগুনের কারণে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, \"তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে। বৃষ্টি হলে তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।\"
রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, বৃষ্টিতে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া হতে পারে এবং ফুসফুসের ক্ষতি হতে পারে। তারা নাগরিকদের নির্দেশ দিয়েছে, বৃষ্টির পানি ত্বকে লাগলে কখনও ঘষবেন না, বরং ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। ভিজে যাওয়া কাপড় সঙ্গে সঙ্গে বদলান এবং সেগুলো বন্ধ ব্যাগে রাখুন।





