ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন বিমান হামলার পর সাতটি বি-২ স্টেলথ বোমারু বিমান নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রোববার (২২ জুন) বিকেলে মিসৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটিতে এই বিমানের অবতরণ দেখা গেছে। ঘাঁটিটি কানসাস শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
\r\nমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সন্ধ্যায় তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, ইরান অভিযানে অংশ নেওয়া বি-২ বিমানের পাইলটরা সফলভাবে ফিরে এসেছেন। তিনি লেখেন, “দারুণ দক্ষ পাইলটরা এখন নিরাপদে মিসৌরিতে অবতরণ করেছেন। অসাধারণ কাজের জন্য ধন্যবাদ!”
\r\nএপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে চালানো এই অভিযানে সাতটি বি-২ বোমারু বিমানসহ মোট ১২৫টি সামরিক বিমান অংশ নেয়। এর মধ্যে ছিল জ্বালানি ভরার ট্যাংকার, নজরদারি এবং যুদ্ধবিমান।
\r\nগত শনিবার রাতে ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ফরদো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং অভিযানটি ছিল “খুবই সফল”। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তেহরান যদি শান্তি প্রতিষ্ঠায় আগ্রহ না দেখায়, তাহলে আরও বড় হামলার মুখোমুখি হতে হবে।”
\r\nতবে ইরানি কর্তৃপক্ষ মার্কিন এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। তারা জানায়, হামলার আগেই ফরদো স্থাপনাটি থেকে গুরুত্বপূর্ণ উপাদান সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে কোনো ‘মারাত্মক ক্ষয়ক্ষতি’ হয়নি।
\r\nবিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে এই হামলার পর। হরমুজ প্রণালী ঘিরেও তৈরি হয়েছে উদ্বেগ, যেখানে এরই মধ্যে ইরান আঞ্চলিক নিয়ন্ত্রণ জোরদারের ঘোষণা দিয়েছে।





