ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
\r\nবিবৃতিতে জামায়াত আমীর বলেন, “গত ১৩ জুন শুরু হয়ে ২১ জুন রাতে ইরানে চালানো একতরফা ও অতর্কিত হামলার মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুদ্ধবাজ ইসরাইল সরাসরি আগ্রাসন চালিয়েছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এটি সম্পূর্ণ অযৌক্তিক, অবৈধ এবং মধ্যপ্রাচ্যের জন্য মারাত্মক অশনি সংকেত।”
\r\nতিনি আরও বলেন, “মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, ইরান এখনো পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে না। এমন বাস্তবতায় কল্পিত ও অনুমানভিত্তিক অভিযোগের ওপর নির্ভর করে এই সামরিক আগ্রাসন চালানো বিশ্ববাসীকে বিস্মিত করেছে। এই হামলা শুধু ইরান নয়, গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে।”
\r\nডা. শফিকুর রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, “ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই বেপরোয়া আগ্রাসন বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘসহ বিশ্বশক্তির প্রতি আমরা জোর আহ্বান জানাচ্ছি—তারা যেন দ্রুত শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হয় এবং মধ্যপ্রাচ্যে নতুন করে আর কোনো যুদ্ধ যেন শুরু না হয়।”
\r\nউল্লেখ্য, ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদনে। হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়।





