ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এক বিবৃতিতে তিনি বলেন, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে নিখোঁজ ওই ক্রু সদস্যকে উদ্ধার করেছে। এ ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান মার্কিন ইতিহাসে অন্যতম দুঃসাহসিক বলেও উল্লেখ করেন তিনি। খবর জানিয়েছে আল জাজিরা।
ট্রাম্প জানান, উদ্ধার হওয়া কর্মকর্তা একজন অস্ত্র বিশেষজ্ঞ এবং পদমর্যাদায় কর্নেল। বর্তমানে তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন।
জানা গেছে, এফ-১৫ই যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর ওই কর্মকর্তা নিখোঁজ হন। পরে তার অবস্থান শনাক্ত করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে মার্কিন সামরিক বাহিনী।
তবে অভিযানের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সামরিক উদ্ধার অভিযান হিসেবে ঘটনাটি ইতোমধ্যে গুরুত্ব পাচ্ছে।





