ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে ভয়াবহ গ্রেনেড হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও তার এক বছরের শিশু রয়েছে। শুক্রবার (২৫ জুলাই) ইরানের বিচারবিভাগীয় একটি ভবনে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তিন হামলাকারীও। পুলিশের উপ-কমিশনার আলিরেজা দালিরি জানান, হামলাকারীরা দর্শনার্থী সেজে ভবনে ঢুকে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলা চালায়।
এ হামলার দায় স্বীকার করেছে জইশ আল আদি নামের একটি সুন্নি চরমপন্থি গোষ্ঠী। সংগঠনটির নামের অর্থ ‘ন্যায়বিচারের সেনাবাহিনী’। পাকিস্তানভিত্তিক এই গোষ্ঠীটি ইরানের ভেতরেও সক্রিয় রয়েছে বলে জানা গেছে।
সিস্তান-বালুচিস্তান প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এলাকা। এ অঞ্চলে ইরানের বালুচ সুন্নি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস, যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ করে আসছে।
রাজধানী তেহরান থেকে প্রায় ১,২০০ কিলোমিটার দূরে অবস্থিত সিস্তান-বালুচিস্তানকে ইরানের অন্যতম দরিদ্র ও অবহেলিত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। ইতিহাস অনুযায়ী, একসময় এই অঞ্চল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অংশ ছিল।
সাম্প্রতিক বছরগুলোতে সিস্তান-বালুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিগোষ্ঠীগুলোর হামলা বেড়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে সক্রিয় রয়েছে ইরানি সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী।





