সাম্প্রতিক সহিংস দাঙ্গায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর ঘটনায় ইরানে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘোষণা দেয় দেশটির সরকার।

সোমবার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে সংঘটিত সহিংসতায় নিহতদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা এই শোক পালন করছে।

সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছে, সরকারবিরোধী ও ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ নেতৃত্বে পরিচালিত দাঙ্গায় বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। এই সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেছে ইরান সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, দাঙ্গাকারীদের সহিংস কর্মকাণ্ড দায়েশের (আইএসআইএল/আইএস) কার্যকলাপের সঙ্গে তুলনীয়। এসব হামলায় সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক এবং পুলিশ সদস্যরা লক্ষ্যবস্তুতে পরিণত হন এবং অনেকে ‘শহীদ’ হয়েছেন বলে উল্লেখ করা হয়।

সরকার এই সহিংসতাকে নজিরবিহীন আখ্যা দিয়ে জানিয়েছে, দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং জনশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে রাজতন্ত্রপন্থি দাঙ্গাকারীরা ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে। এসব হামলায় সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, দাঙ্গাকারীরা রাস্তাঘাট অবরোধ, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলা চালানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যকে আহত করেছে।