মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যকার চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি রাডার কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে তেহরান। প্রায় ৩০ কোটি ডলার মূল্যের এই রাডার ধ্বংস হওয়ায় ওই অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (৭ মার্চ) Bloomberg-এর প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে মোতায়েন করা ‘THAAD’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংবেদনশীল AN/TPY-2 রাডারটি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে CNNও এই ধ্বংসযজ্ঞের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র আটটি THAAD ব্যাটারি রয়েছে। প্রতিটি পূর্ণাঙ্গ ব্যাটারির মূল্য প্রায় ১ বিলিয়ন ডলার, যার মধ্যে কেবল রাডার সিস্টেমের মূল্যই প্রায় ৩০০ মিলিয়ন ডলার। দক্ষিণ কোরিয়া ও গুয়ামের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই ব্যবস্থা মোতায়েন রয়েছে।
আঞ্চলিক যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর পর Islamic Revolutionary Guard Corps এবং ইরানের নৌবাহিনী যৌথ অভিযান চালায় বলে জানা গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, জর্ডানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটি এবং কুয়েতের মার্কিন স্থাপনাতেও ড্রোন হামলা চালানো হয়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়। এরপর থেকে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলসহ মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।





