ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের “ট্রু প্রমিস ৪” অভিযানে গত দুই দিনে ৬৫০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। আইআরজিসির ভাষ্য, পারস্য উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি বলেন, বাহরাইনে মার্কিন নৌঘাঁটি ও সামরিক সদরদপ্তরে হামলার পর বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন ইরানি উপকূলীয় জলসীমা ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নায়েনির মতে, অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন। আইআরজিসির দাবি, এই তথ্য তাদের গোয়েন্দা ও যুদ্ধক্ষেত্রের প্রতিবেদন থেকে নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথাও জানানো হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং মার্কিন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





