যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেছেন, “আমরা সামরিক, অর্থনৈতিকসহ সব দিক থেকে ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেব।” খবর বিবিসি।
ট্রাম্পের পোস্টে আরও বলা হয়, “ইরান গত ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরীহ মানুষ হত্যা করে আসছে। আর আমি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে, তাদের হত্যা করছি। এটি আমার জন্য এক বড় সম্মানের কাজ।”
তিনি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের সমালোচনা করে বলেন, “ইরানের নৌবাহিনী কার্যত শেষ, বিমানবাহিনী ধ্বংসপ্রায়। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ সমস্ত সামরিক ক্ষমতা ধ্বংস হচ্ছে। এমনকি তাদের শীর্ষ নেতারাও আর দৃশ্যমান নেই।”
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের হাতে “অতুলনীয় সামরিক শক্তি, সীমাহীন গোলাবারুদ এবং পর্যাপ্ত সময় রয়েছে।”
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলার প্রথম দিনেই আহত হয়েছেন। ট্রাম্প বলেন, “আমার ধারণা, তিনি আহত, কিন্তু এখনও বেঁচে আছেন।”
গত সোমবার মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। ট্রাম্পের এই মন্তব্য সেই প্রেক্ষাপটে আসে, যখন তার সুস্থতা নিয়ে মিডিয়াতে নানা সংবাদ ভেসে বেড়াচ্ছে।





