যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল দখলের আগ্রহ প্রকাশ করেছেন। রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সত্যি বলতে, ইরানের তেল নেওয়াই আমার সবচেয়ে পছন্দের বিষয়।” তবে ট্রাম্প উল্লেখ করেছেন, দেশটির ভেতরে কিছু মানুষ এই পরিকল্পনার বিরোধিতা করছে।


তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখলের বিষয় বিবেচনায় আছে। ট্রাম্প বলেন, “হয়তো আমরা খারগ দ্বীপ নেব, হয়তো নেব না—আমাদের অনেক বিকল্প আছে।” এ ধরনের পদক্ষেপ নিলে সেখানে কিছু সময় অবস্থান করতে হতে পারে বলেও জানান তিনি।


মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রায় ৩,৫০০ সেনা জাহাজে করে ওই অঞ্চলে পৌঁছেছে। প্রশাসনের ভেতরে গত এক মাস ধরে খারগ দ্বীপ দখল নিয়ে আলোচনা চলছে। দ্বীপটি ইরানের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখান থেকে দেশটির তেল রপ্তানির বড় অংশ চলে।


এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ঘালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এমন পদক্ষেপ নেয়, তাহলে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, স্থল অভিযান চালালে মার্কিন সেনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।