ইরান-আজারবাইজান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইরান থেকে তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স।

সরকারের ঘনিষ্ঠ সূত্রের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এলাকায় কালো ধোঁয়া উড়ছে। এলাকাটি ইরানের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

ঘটনার পর আজারবাইজান সরকার ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং পাল্টা হামলার অধিকার রয়েছে বলে তেহরানকে সতর্ক করেছে।

এদিকে চলমান সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।