ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের গুচ্ছ বোমাবাহী ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকালের হামলায় আহত এক ব্যক্তি মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ইরান চলমান সংঘাতে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যেগুলোর বিস্ফোরক অংশে গুচ্ছ বোমা থাকে। ক্ষেপণাস্ত্রটি আকাশে বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট বোমা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দেয়।

এই হামলায় ইয়েহুদ, অর ইয়েহুদা, হোলোন ও বাত ইয়ামসহ অন্তত ছয়টি এলাকায় আঘাত হানে এসব বোমা। নিহত দুজন হলেন রুস্তম গুলমোভ ও আমিদ মুর্তুজোভ, তারা পেতাহ তিকভা শহরের বাসিন্দা ছিলেন।

তারা ইয়েহুদ শহরের একটি নির্মাণস্থলে কাজ করার সময় ক্ষেপণাস্ত্র থেকে ছড়িয়ে পড়া গুচ্ছ বোমার আঘাতে আহত হন। একজন ঘটনাস্থলেই মারা যান, অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইসরায়েলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, নির্মাণস্থলের কয়েক ডজন শ্রমিক সময়মতো আশ্রয়কেন্দ্রে ঢুকে পড়ায় প্রাণে বেঁচে গেছেন।

সামরিক কর্মকর্তারা বলছেন, গুচ্ছ বোমা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে বড় ধরনের ঝুঁকি তৈরি করে। অনেক সময় এসব ছোট বোমা বিস্ফোরিত না হওয়ায় পরে সেগুলো সাধারণ মানুষের জন্যও বিপজ্জনক হয়ে ওঠে।