ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমেই বেড়েই চলেছে। যদিও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তেহরানে সরাসরি হামলার কোনো ইঙ্গিত প্রকাশ্যে আসেনি, তবুও অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন যে ইরানের জলসীমায় মার্কিন নৌবহর পাঠানো মানে যে কোনো সময় তেহরানে হামলা চালানো হতে পারে।
ইরানও বারবার সতর্কবার্তা দিয়েছে যে, কোনো ধরনের হামলা হলে তারা সর্বাত্মক শক্তি নিয়ে পাল্টা হামলা চালাবে।
রোববার তেহরান সিটি করপোরেশন রাজধানীর এঙ্গেলাব স্কয়ারে একটি বিশাল বিলবোর্ড উন্মোচন করেছে। বিলবোর্ডটি মূলত যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিতে তৈরি করা হয়েছে। এতে দেখানো হয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন সুপারক্যারিয়ার ও সহায়ক যুদ্ধবিমান ধ্বংসপ্রাপ্ত অবস্থায় সমুদ্রের পানিতে পড়ে আছে। পানির মধ্যে দেখা যায় রক্তের আকারে মার্কিন পতাকার ছবি।
বিলবোর্ডে ফারসি এবং ইংরেজি ভাষায় লেখা রয়েছে-“তুমি যদি বাতাস বপন করো, তবে তোমাকে ঘূর্ণিঝড় কাটাতে হবে”। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ভিয়োরিতে এ সংক্রান্ত ভিডিওও পাওয়া যাচ্ছে।
এর আগে গেল জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালালে তেহরান তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়। ইরানও কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কড়া জবাব দেয়। সেই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হয়েছে।





