ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছে এবং কার্যত আত্মসমর্পণ করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আজ ইরানের ওপর কঠোর হামলা চালানো হতে পারে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের দিকে কোনো হামলা চালাবে না। তার মতে, এই সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সামরিক চাপের কারণে নেওয়া হয়েছে।
অন্যদিকে, মাসউদ পেজেশকিয়ান জানান, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনো দেশের ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা চালানো হলে পরিস্থিতি ভিন্ন হবে বলে তিনি সতর্ক করেন।
পরবর্তীতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানায়, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্বার্থকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
ট্রাম্প আরও বলেন, ইরানের আচরণের কারণে এমন কিছু গোষ্ঠী ও এলাকা ধ্বংসের ঝুঁকিতে পড়তে পারে, যেগুলো এখন পর্যন্ত লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়নি।





