সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমাম ও খতিবদের বেতন ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ওয়াক্ফের আওতাধীন মসজিদগুলোতেও একই স্কেলে বেতন কার্যকর করা হবে। এ ছাড়া ওয়াক্ফ প্রশাসনের সংস্কার ও কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের কাজ শুরু হয়েছে। উপদেষ্টা বলেন, “ওয়াক্ফের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আর ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ওয়াক্ফের সব কার্যক্রম সহজতর করা হবে।”

আগামী নির্বাচনের আগে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন এবং ওয়াক্ফ বোর্ডকে সংস্কার করে যেতে চান বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সফল হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়ে প্রধান হজ উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসার কথা উল্লেখ করেন খালিদ হোসেন।

তিনি বলেন, “আগামী বছর থেকে হজের সহযোগী হিসেবে যারা যাবেন, তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা ও পরিবহন ফ্রি দিলেও আর কোনো সম্মানী বা অ্যালায়েন্স দেওয়া হবে না।”

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “আমরা ইচ্ছুক, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।”