ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখায় পবিত্র রমাদান উপলক্ষে অর্থ ও ব্যাখ্যাসহ আল কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ মার্চ (১৫ রমাদান) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিনামূল্যে প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন। আবেদনকারীদের জন্য ছেলে ও মেয়েদের আলাদা দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।


এতে আরও বলা হয়, আগামী ১৩ মার্চ (২৩ রমাদান) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শাখা শিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া অনলাইন প্ল্যাটফর্মে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


প্রতিযোগিতাটি ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) ভিত্তিক হবে, যেখানে ৪০ মিনিট সময় বরাদ্দ থাকবে। সিলেবাস হিসেবে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নুর ও সূরা যিলযাল নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতার জন্য নির্ধারিত তাফসির গ্রন্থ হিসেবে রাখা হয়েছে “তাফহীমুল কুরআন”।


প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবেন ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ৩ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী ২ হাজার টাকা এবং চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীরা প্রত্যেকে ১ হাজার টাকা করে পুরস্কার পাবেন।