রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সদস্য গানিউল ইসলাম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার (১২ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস।
\r\nনিহত গানিউল ইসলাম তানোর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা এবং মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।
\r\nখোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার কৃষ্ণপুর মোড়ে ইফতার মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মর্তুজার অনুসারীদের সঙ্গে একই ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল মোমিন গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
\r\nসংঘর্ষের এক পর্যায়ে গানিউল ইসলাম গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে বুধবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
\r\nতানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, সংঘর্ষে আহত একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





